খালেদা জিয়া দুই মামলায় পরবর্তী শুনানি ৯ মার্চ

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১২:১৩
 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
 
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন।
 
খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। তারা জানান, শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। আর অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে তা বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করেছেন খালেদা জিয়া, যা শুনানির অপেক্ষায় রয়েছে।
 
এদিকে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষ্য দেওয়া ৩২ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময়ের আবেদন করা হয়।
 
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৯ মার্চ দিন ঠিক করেন।
 
ইত্তেফাক/কাউছার