বিএনপি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না : গয়েশ্বর

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৬:৪৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া আবার একতরফা নির্বাচন সরকারের এই দিবাস্বপ্ন পূরন হতে দিব না। আমরা বেঁচে থাকতে খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
 
গয়েশ্বর বলেন, ‘অনেক দিন ধরে ঘরে বসে কথা বলছি। আজকে ঘর ছেড়ে বাইরে এসেছি। ইচ্ছে করলে রাস্তায় গিয়েও আন্দোলন করতে পারি। নির্বাচন নিয়ে খেলা করবেন না। এদিকে আমরা কোর্টের বারান্দায়-বারান্দায় ঘুরবো আর আপনারা হেলিকপ্টারে চড়ে ভোট চেয়ে বেড়াবেন তা হতে পারে না।’
 
তিনি বলেন, বিএনপি প্রস্তুত, এবার অনুমতি ছাড়াই রাজপথে নেমে আন্দোলন করবো। কারণ বাঁধা দেয়ার কোন অধিকার এই সরকারের নাই। এই সরকার নির্বাচিত নয়। তাই তাদের আদেশ-নির্দেশ, নিষেধ মানতে জনগণ প্রস্তুত নয় এবং জনগণ এরপর থেকে এই সরকারের আদেশ নিষেধ মানবে না।’
 
ইত্তেফাক/উজ্জল