সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, 'বিএনপি-জামায়াত সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন উত্তরাঞ্চলের দরিদ্র মানুষদের মফিজ বলে আখ্যায়িত করেছিলেন। তবে আওয়ামী লীগ সরকার সেই মফিজদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে দিয়েছেন।
তিনি বলেন, 'এখন আর উত্তরাঞ্চলে অভাব নেই। এ এলাকার মানুষদেরকেও আর কেউ মফিজ বলে না। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান।'
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের দোলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন।
'২০০১সালে জোট সরকার ক্ষমতায় এসে নীলফামারীর ইপিজেড বন্ধ করার পায়তারা করে অনেকটা অকার্যকর রাখে' উল্লেখ করে তিনি বলেন, '২০০৮সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা পুনরায় চালু করে। এখন এ অঞ্চলের ২৬ হাজার মানুষ সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করছে।'
'আগে সার নেওয়ার জন্য মানুষ বিএনপি নেতাদের বাড়ি বাড়ি সারের স্লিপ নেওয়ার জন্য ঘুরতো' উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, 'এখন আর কোন নেতার পিছনে ধর্না দিতে হয় না। সহজেই কৃষকরা সার পাচ্ছে।'
বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদসহ প্রমূখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/জামান
