একসঙ্গে পথ চলার ৫৫ বছর

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:৫৮
অভিনেতা নায়করাজ রাজ্জাক ও তার স্ত্রী খাইরুন নেসা লক্ষ্মীর ৫৫ তম বিবাহবার্ষিকী আজ। ১৯৬২ সালের ২ মার্চ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজও তারা একসঙ্গেই আছেন। ভালোবাসার শক্তিই তাঁদের আজও একত্রে রেখেছে।
 
অনেকেই বলে বিয়ের পরপরই রাজ্জাকের জীবনে একের পর এক সাফল্য আসতে থাকে । নায়করাজ তখন থেকেই ভালোবেসে স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকতে শুরু করেন এবং এখনো লক্ষ্মী নামেই ডাকেন। নিজের প্রতিটি কাজের সঙ্গেই নিজের স্ত্রীর নাম যুক্ত রেখেছেন তিনি। যেমন তার বাড়ির নাম ‘লক্ষ্মীকুঞ্জ’, প্রযোজনা সংস্থা ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’। এছাড়া তিনি ১৯৮৪ সালে ঢাকার উত্তরায় গড়ে তোলেন একটি শপিংমল যার নাম দেন ‘রাজলক্ষ্মী কমপ্লেক্স’।
 
রাজ-লক্ষ্মী দম্পতির ঘরে তিন পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছেন। তারা হচ্ছেন বাপ্পারাজ, বাপ্পি, সম্রাট, শম্পা ও ময়না। তাদের মধ্যে চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়ক সম্রাট বাবার পথ ধরে অভিনয় জগতে প্রবেশ করেন। ৫৫ বছরের এই দীর্ঘ চলা এদেশের শোবিজ তারকাদের জীবনেও স্মরণীয় হয়ে থাকবে বলে অনেকেরই মত।  
 
রাজ্জাকের ছোটছেলে চিত্রনায়ক সম্রাট জানিয়েছেন, ঘরোয়া আয়োজনেই বাবা-মা’র বিয়ে বার্ষিকী পালন করা হবে। পরিকল্পনা  আপাতত এতুটুকই।
 
ইত্তেফাক/রেজা