বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচ ৫ মার্চ

আপডেট : ০২ মার্চ ২০১৭, ২০:২৫
আগামী ৫ মার্চ থেকে শুরু হবে প্রথম শ্রেণীর ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের খেলা। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। শিরোপা প্রত্যাশী বিসিবি নর্থ জোন খেলবে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে। 
 
শিরোপার লড়াইয়ে সব থেকে এগিয়ে বিসিবি নর্থ জোন। ১৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে নর্থ জোন। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্র নিয়ে শিরোপার খুব কাছে বিসিবি’র দলটি। শেষ ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে দলটির। 
 
প্রাইম ব্যাংক সাউথ জোনেরও শিরোপার সম্ভাবনা আছে। পাঁচ ম্যাচে এক জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ১৩। শেষ রাউন্ডে বোনাস পয়েন্টসহ (ইনিংস ব্যবধানে জয় কিংবা ১০ উইকেট হাতে রেখে জয়) জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৯। এক্ষেত্রে তাদের শিরোপা জয়ের জন্য নর্থ জোনের হারের প্রার্থনা করতে হবে। 
 
বিসিবি নর্থ জোন ইসলামী ব্যাংকের কাছে ইনিংস ব্যবধানে হারলে এবং প্রাইম ব্যাংক ইনিংস ব্যবধানে জিতলে প্রাইম ব্যাংকের পয়েন্ট হবে ২০। তখন ইসলামী ব্যাংক ও বিসিবির পয়েন্ট হবে ১৯। এক পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়ন হবে প্রাইম ব্যাংক সাউথ জোন। 
 
এর আগেও প্রাইম ব্যাংক দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল। তৃতীয় শিরোপার স্বাদ পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। ড্র করতে পারলেই বিসিবি’র দলটি এবারই প্রথম শিরোপার স্বাদ পাবে। বিসিএলের দু’বারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন এবার মাঠের লড়াইয়ে ভালো করতে পারেনি। 
 
গত বছর অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ওয়ালটন পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে। জিতেছে একটিতে ও ড্র করেছে একটি। শেষ ম্যাচে বোনাস পয়েন্টসহ জয় পেলেও শিরোপার স্বাদ পাওয়া হবে না দলটির।
 
ইত্তেফাক/রেজা