জ্বালানি খাতের সহায়তায় অস্ট্রেলিয়ার প্রতি গওহর রিজভীর আহ্বান

আপডেট : ০২ মার্চ ২০১৭, ২০:৪৫
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
বৃহস্পতিবার ঢাকায় একটি অভিজাত হোটেলে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত জাতীয় সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় ড. রিজভী এ কথা বলেন।
 
মোনাস বিশ্ববিদ্যালয়, আরএমআইটি বিশ্ববিদ্যালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ সেল যৌথভাবে দিনব্যাপী এ সিম্পোজিয়ামের আয়োজন করে।
 
মোনাস বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক কামরুল আলম এতে স্বাগত বক্তব্য প্রদান করেন। ধন্যবাদ বক্তব্য রাখেন আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরোজ আলম।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম এবং ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশনার জুলিয়া নিবলেট।
 
গওহর রিজভী বলেন, বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ চমৎকার সাফল্য অর্জন করেছে। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে ২৪ হাজার মেগাওয়াট। ২০০৯ সালের বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার মেগাওয়াটেরও নিচে ছিল।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবস্থাপনার জন্য আমাদের দক্ষ ও পেশাদার জনবল প্রয়োজন। এ জন্য সরকার একটি পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউশন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে।-বাসস।
 
 
ইত্তেফাক/মুস্তাফিজ/উজ্জ্বল