ব্যাটিং অনুশীলনের দিক থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। গতকাল কলম্বোর মোরাতোয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে সাত উইকেটে ৩৯১ রান করেছে বাংলাদেশ দল। সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করেছেন মুমিনুল হক ও লিটন দাস।
শ্রীলঙ্কার কন্ডিশন মানিয়ে নেওয়া ও ব্যাটসম্যানদের প্রস্তুতির দিক হিসেবে ভালোই সময় কেটেছে বাংলাদেশের। বিশেষ করে তামিম ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। সদ্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি খেলে ফেরা এই বাঁহাতি খেলেছেন বড় ইনিংস। দ্বিতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন তামিম। দুজনের মাঝে মুমিনুলই প্রথম হাফ সেঞ্চুরি করেন। ৭৩ রান করে স্বেচ্ছা অবসরে যান মুমিনুল। ১০৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।
তারপরই ব্যাট হাতে আরো আক্রমণাত্মক হন এ বাঁহাতি ওপেনার। পরের ৫০ রান করেন ৩৭ বলে। সেঞ্চুরি পূরণের পরও টিকে ছিলেন উইকেটে। চা বিরতির পর আর মাঠে ফিরেননি তিনি। ততক্ষণে খেলেছেন ১৮২ বলে ১৩৬ রানের ইনিংস। যেখানে নয়টি চার ও সাতটি ছয়ের মার ছিল। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গেও ৭৫ রানের জুটি গড়েছিলেন তামিম।
তামিম-মুমিনুল ছাড়াও উইকেটে সময় কাটিয়েছে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যানরা। তাদের মধ্যে মুশফিক ২১, সাকিব আল হাসান ৩০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩ ও লিটন দাস অপরাজিত ৫৭ রান করেন। স্বাগতিকদের পক্ষে চামিকা গুনারত্নে তিনটি উইকেট নেন।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলটা ছিল খুবই খর্বশক্তির। দিনেশ চান্দিমাল অধিনায়ক হলেও এই দলের বেশিরভাগ ক্রিকেটারই নবীন ও অপরিচিত। তাদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলনটা ভালোভাবেই সেরেছে বাংলাদেশ।
ইত্তেফাক/নূহু
