গাজীপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষ, চালক নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১১:১৯
 
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন। চালক রুবেল মিয়ার (৩৫) গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। 
 
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম জানান, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দাঁড়িয়ে থাকা ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক চাপা খেয়ে ভেতরে আটকে যান।
 
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মৃত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করেন। পরে তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার সঙ্গে পাওয়া একটি মোবাইল ও কিছু টাকা শ্রীপুর ফায়ার স্টেশনের হেফাজতে রয়েছে। 
 
ইত্তেফাক/কাউছার