‘এসডিজি অর্জনে শিক্ষার কোনো বিকল্প নেই’

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৪:০৭

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষার কোনো বিকল্প নেই। কেননা, সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।

আজ শনিবার সকালে মগুরা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
প্রাথমিক বিদ্যালয় শিক্ষার ভিত্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
 
সভায় পিটিআইয়ের সুপারিটেনডেন্ট বাদল চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু প্রমুখ। 
 
ক্রীড়া প্রতিযোগিতায় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪টি ও প্রশিক্ষণরত শিক্ষকরা ১৩টি ইভেন্টে অংশ নেন। বিকেলে জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
 
ইত্তেফাক/কাউছার