অধিনায়ক ইয়োইন মরগানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো ইংল্যান্ড।
গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ইংলিশরা ৪৫ রানে হারিয়েছে ক্যারিবীয়দের। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড।
অ্যান্টিগায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে শুরুটা ভালোই করেছিলো ক্যারিবীয়রা। ২৯ রানের মধ্যে ইংল্যান্ডের ২ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। তবে ওপেনার স্যাম বিলিংস ও মরগানের ব্যাটিং দৃঢ়তায় খেলায় ফিরে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৫২ রানে বিলিংসের বিদায়ে ভাঙে এই জুটি।
এরপর জশ বাটলার মাত্র ১৪ রান করে ফিরে গেলে ক্রিজে মরগানের সঙ্গী হন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দশম আসরের নিলামের সর্বোচ্চ সাড়ে ১৪ কোটি রুপিতে বিক্রি হওয়া বেন স্টোকস। পঞ্চম উইকেটে ১১২ বলে ১১০ রানের জুটি গড়ে দলের বড় স্কোরের পথ তৈরি করেন তারা।
স্টোকস ৫৫ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন মরগান। ১১টি চার ও ২টি ছক্কায় ১১৬ বলে ১০৭ রান করেন তিনি। আর শেষদিকে মঈন আলীর ২২ বলে অপরাজিত ৩১ রানে ৬ উইকেটে ২৯৬ রানের পুঁজি পায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল ও অ্যাসলে নার্স ২টি করে উইকেট নেন।
জবাবে ৩৯ রানে ৩ উইকেট হারানোর পরও লড়াই করার চেষ্টা করেছিলেন মিডল-অর্ডারের তিন ব্যাটসম্যান সাই হোপ, জেসন মোহাম্মদ ও জনাথন কার্টার। কিন্তু দলীয় ২১০ রানে তাদের বিদায়ের পর ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ২৫১ রানে থামে ক্যারিবীয়রা।
মোহাম্মদ ৭২, কার্টার ৫২ ও হোপ ৩১ রান করেন। ইংল্যান্ডের ক্রিস ওকস ও লিয়াম প্লাংকেট ৪টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন মরগান। এই ভেন্যুতেই আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২৯৬/৬, ৫০ ওভার (মরগান ১০৭, স্টোকস ৫৫, নার্স ২/৫৭)।
ওয়েস্ট ইন্ডিজ : ২৫১/১০, ৪৭.২ ওভার (মোহাম্মদ ৭২, কার্টার ৫২, প্লাংকেট ৪/৪০)।
ফল : ইংল্যান্ড ৪৫ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড।
ম্যাচ সেরা : ইয়োইন মরগান (ইংল্যান্ড)।
ইত্তেফাক/জামান
