বিশ্বনাথে নদীর তীরের অবৈধ স্থাপনা রক্ষায় নানা তত্পরতা

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০১:১৯

সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদীর দুই তীরের অবৈধ স্থাপনাগুলো রক্ষার জন্য অবৈধ দখলদাররা নানা রকমের কৌশল অবলম্বন করছে। ওইসব অবৈধ স্থাপনা রক্ষা করতে অবৈধ স্থাপনার মালিকরা বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছে বলেও অভিযোগ রয়েছে।

বাসিয়া নদীর পুনঃখনন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক’র নেতৃত্বে নদীর দুই তীরের ১৭২টি অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে।

এদিকে অবৈধ দখল উচ্ছেদ করে নদীটি পুনঃখনন কাজ শুরু করার দাবিতে গত ৮ ফেব্রুয়ারি বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’। এরপর গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রশাসন কর্তৃক চিহ্নিত ওই ১৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, কোনো প্রকার বাধা ছাড়াই যাতে সুষ্ঠুভাবে বাসিয়া নদীর পুনঃখনন কাজ সম্পন্ন হয়, সেজন্য নদীর দুই তীরে গড়ে উঠা ১৭২টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। পরে তা উচ্ছেদের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে সে প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের প্রকৌশলী সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাসিয়া নদীর পুনঃখনন কাজ সম্পন্ন করার লক্ষ্যে বর্তমানে নদীর মাপ নির্ধারণে জরিপ কাজ চলছে। ওই কাজ সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে পুনঃখননের কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয় থেকে যে মাপ নির্ধারণ করা হবে, তা কমানো কিংবা বাড়ানোর কোনো সুযোগ আমাদের হাতে নেই।’

ইত্তেফাক/নূহু