‘জয় বাংলা কনসার্ট’-এর তৃতীয় আসর

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০৯:৩৯
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এ বছরও আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। এবার বসতে যাচ্ছে কনসার্টটির তৃতীয় আসর।
 
প্রতিবারের মতো এবারো কনসার্টটি আয়োজন করবে ইয়ং বাংলা। কনসার্টে এবার স্টেজ মাতাবে দেশসেরা কয়েকটি ব্যান্ড। থাকছে ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য।
 
সেন্টার ফর রিসার্চের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান দেশের সবচেয়ে বড় ইয়ুথ প্লাটফর্ম ‘ইয়ং বাংলা’র আয়োজনে এবারো ৬০ হাজারের বেশি তরুণ-তরুণীতে মাতবে জয় বাংলা কনসার্ট।
 
গতবছর স্টেডিয়ামে এই কনসার্ট উপভোগ করেছেন প্রায় একইসংখ্যক দর্শক। বাংলাদেশের ঐতিহাসিক এ দিনটিকে হাজার হাজার তরুণ এ বছরও উদযাপন করবে আর্মি স্টেডিয়ামে। কনসার্টের পাশাপাশি ইয়ং বাংলা দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরো বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে।
 
এরমধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক।
 
ইত্তেফাক/আনিসুর