ঢাকার চারপাশের নদীগুলো অচিরেই দূষণমুক্ত করা হবে: এলজিআরডি মন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:৪৪
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের কর্নফুলী ও ঢাকার চারপাশের নদীগুলো অচিরেই দূষণমুক্ত করা হবে।
 
রবিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্নফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাষ্টার প্ল্যান তৈরী সংক্রান্ত কমিটির এক সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাসির হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
 
খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কর্নফুলী ও ঢাকার চারপাশের নদীসমূহকে দূষণমুক্ত করার নির্দেশনা প্রদান করেছেন।
 
বর্ধিষ্ণু নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য পানির উত্স হিসেবে নদীকে ব্যবহার করতে হবে। তিনি বলেন, নদীর নাব্যতা বৃদ্ধি ও দূষণমুক্ত করলে এর প্রত্যক্ষ উপকার জনগণ ভোগ করবে।
 

ইত্তেফাক/মণ্ডল