উ. কোরিয়া থেকে পালিয়ে গোপন তথ্য আনলে পুরস্কার চারগুণ!

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৭:৩৮
উত্তর কোরিয়া থেকে গোপন গোয়েন্দা তথ্য নিয়ে সীমান্ত পার হয়ে দক্ষিণ কোরিয়া সরকারকে প্রদান করার পুরস্কার চারগুণ বৃদ্ধি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক কোনো তথ্য প্রদান করা হলে উ. কোরীয়কে সর্বোচ্চ সাড়ে আট লক্ষ ডলার সমমূল্যের অর্থ প্রদান করবে দেশটির সরকার।
 
উ. কোরিয়ার বিরোধিতা করে দ. কোরিয়াতে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ, কারণ পাচারকারীসহ পৃথিবীর সবচেয়ে বেশি সেনা অবস্থানের সীমান্ত পাড়ি দিয়ে যেতে হয়। এছাড়া উ. কোরিয়ার সেনারা অস্ত্রসহ দলত্যাগ করে আসলে তাদেরও পুরস্কার দেয়া হবে। দ. কোরিয়ার পুন-একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান, ট্যাংক থেকে শুরু করে ছোট অস্ত্রবহনকারী সেনাদের বড় অংকের অর্থ দেয়া হবে।
 
তথ্য ও অস্ত্রের গুরুত্বানুযায়ী এই পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। বিগত ২০ বছরের মধ্যে এই প্রথম এমন পুরস্কারের মূল্য বৃদ্ধি করল দক্ষিণ কোরিয়া। উ. কোরিয়া এখনো এর কোনো প্রতিক্রিয়া জানায়নি।
 
উ. কোরিয়ার সরকারবিরোধীরা চীন সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে। অনেক সময় চীনা কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে উ. কোরিয়ায় ফেরত পাঠায় যেখানে তাদের ভয়াবহ পরিস্থিতিতে থাকতে হয়। তারা সাধারণত ব্যাপক পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্ত পাচারকারীদের সহায়তায় উ. কোরিয়া থেকে পালিয়ে দ. কোরিয়ায় প্রবেশ করে। গত আগস্টে লন্ডনে কর্মরত কূটনীতিক থায়ে ইয়ং হো উ. কোরিয়ার পক্ষত্যাগ করেছিলেন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির