পাট শিল্পে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত: রাষ্ট্রপতি

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৮:৫৯
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পাট শিল্পের সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত।
 
রাষ্ট্রপতি জাতীয় পাট দিবস-২০১৭ উপলক্ষে রবিবার এক বাণীতে এ কথা বলেন।
 
তিনি বলেন, দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির সাথে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে যেমন গুরুত্বের দাবিদার, তেমনি বিশ্ব বাজারেও এটি এখন অনন্য পরিবেশ-বান্ধব পণ্য হিসেবে সমাদৃত।
 
‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল সোমবার দেশে প্রথমবারের মতো ‘জাতীয় পাট দিবস-২০১৭’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, বাংলার পাটখাতের সমৃদ্ধি আরো ত্বরান্বিত করতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
 
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। সে লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। তিনি (বঙ্গবন্ধু) রাষ্ট্রের উত্পাদন যন্ত্রের ওপর জনগণের মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাট ও বস্ত্রকলসমূহ জাতীয়করণ করেন। পাটের গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।’
 
আবদুল হামিদ বলেন, রাষ্ট্রীয় পাটকলসমূহ আধুনিকায়নের ফলে পাটখাত পুনরায় অর্থনীতিতে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। দেশের অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পাটশিল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। বাসস।
 

ইত্তেফাক/মণ্ডল