সোমবার দেশের ১৪টি উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২০:৩৫
 
দেশের ১৪টি উপজেলায় দলীয় প্রতীকে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি শতভাগ ওকে (ঠিক) আছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা প্রয়োজন সবই করা হবে।’
 
তিনি বলেন, আগামীকাল তিনটি উপজেলায় সাধারণ ও ১১টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া চারটি পৌরসভা নির্বাচনও কাল অনুষ্ঠিত হবে।
 
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এজন্য পাঁচজন নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকায় মাঠ পর্যায়ে গিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেছেন।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী এলাকায় ইতোমধ্যে ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছেন। পরিস্থিতি ও পরিবেশ স্বাভাবিক এবং নির্বাচনের অনুকূলে আছে। এখন পর্যন্ত কোন অস্বাভাবিক পরিস্থিতি নেই। ভোটের আগের রাতে ভোট যেন কারচুপি না হয়, এ ব্যাপারে কমিশন সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশনাররা বলেছেন-এ ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। কাজেই কেউ দুঃসাহস দেখাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাসস।
 

ইত্তেফাক/মণ্ডল