১২৪ কেজি স্বর্ণ চোরাচালান মামলার আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে হাইকোর্টে জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করতে উভয় পক্ষকে বলেছে আদালত। জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে রবিবার এই আদেশ দেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।
২০১৪ সালের ৭ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে ১২৪ কেজি চোরাই সোনা আটকের ঘটনায় ১০ বিমানকর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল বাদী হয়ে এ মামলা করেন। মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আসামি সালেহ আহমেদ। অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছিল। ওই জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষে অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ উপরোক্ত আদেশ দেয়। এএম আমিনউদ্দিন জানান, ইতমধ্যে এই মামলায় অভিযোগপত্র দাখিল করেছে তদন্ত সংস্থা। ফলে আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত বিমানের চোরাই সোনা আটকের মধ্যে এটাই সবচেয়ে বড় চালান। এই চালানে ১ হাজার ৬৫টি সোনার বার এসেছিল। যার মূল্য প্রায় ৫৪ কোটি টাকা।
