স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী কোনো ব্যক্তি অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো অবস্থাতেই বিতর্কিত ও স্বাধীনতাবিরোধী কোনো ব্যক্তিকে অনুষ্ঠানে গেস্ট করা যাবে না।
রবিবার সচিবালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বাধীনতাবিরোধীদের কোনো তালিকা আছে কীনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে স্বাধীনতাবিরোধীদের কোনো তালিকা নেই। উপজেলার নেতারা জানেন কারা স্বাধীনতাবিরোধী, কারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। জেলা পর্যায়ের লোকজনও জানেন। কাজেই সেইভাবেই জিনিসটি মেইনটেইন করা হবে।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, আমরা দেখেছি আমাদের জাতীয় পতাকা যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। এতে পতাকার মর্যাদা ক্ষুন্ন হয়। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দিয়ে দেবে। পতাকার সাইজ কি হবে, কখন থেকে কখন পর্যন্ত পতাকা উড়ানো যাবে, কিভাবে পতাকা উড়বে- এ সবকিছু নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে প্রচার করা হবে। তিনি বলেন, যারা এটা মানবে না সেই বিষয়টি নিরাপত্তা বাহিনী তত্ত্বাবধান করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে জাতীয় দিবসটি উত্সব মুখর পরিবেশে পালনের আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনদিন টানা ছুটি আসছে। ট্যুরিস্ট প্লেসগুলোতে যথেষ্ট ভীড় হবে বলে প্রত্যাশা করছি। সেখানেও আমাদের পুলিশ বাহিনী, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সজাগ থাকবে।
ইত্তেফাক/মণ্ডল
