সোমবার নতুন সফর নিষেধাজ্ঞায় স্বাক্ষর করবেন ট্রাম্প!

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২১:৪৯
গত ২৭ জানুয়ারি সাতটি মুসলিম প্রধান দেশের মানুষের মার্কিন যুক্তরাষ্ট্র সফর তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ফেডারেল আদালত তার নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে ঘোষণা করার পর সোমবার এই সংক্রান্ত নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে জানা গেছে।
 
ইরাক,ইরান, সোমালিয়া, ইয়েমেন সহ সাতটি মুসলিম প্রধান দেশের মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই দেশগুলি থেকে শরণার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে  প্রবেশে ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন তিনি। একই সঙ্গে সিরিয়া থেকে উদ্বাস্তুদের আমেরিকায় ঢোকাও পাকাপাকি নিষিদ্ধ করেন ট্রাম্প। 
 
তখন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠে জঙ্গিদের নয় তার লক্ষ্য মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকানো। তার নির্বাচনী প্রচারণায়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলিমদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করবেন।
 
কোনো রকম প্রস্তুতি ছাড়া এই নিষেধাজ্ঞা জারির পরে ব্যাপক বিভ্রান্তি ছড়ায়  ওই সাত দেশ থেকে আসা লোকজন আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন। অনেককে যে দেশ থেকে এসেছিলেন, সেখানেই ফেরত পাঠানো হয়। শেষ পর্যন্ত আদালতের দুটি নির্দেশে ধাক্কা খায় ট্রাম্পের নিষেধাজ্ঞা-নির্দেশ। প্রথমে সিয়াটলের মার্কিন ডিস্ট্রিক্ট জজ নিষেধাজ্ঞা-নির্দেশে দেশজুড়ে স্থগিতাদেশ জারি করেন। তারপর সান ফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট অব অ্যাপিলসও সেই স্থগিতাদেশ বহাল রাখে। এই প্রেক্ষাপটেই সোমবার হোমল্যান্ড সিকিউরিটিতে সংশোধিত নিষেধাজ্ঞায় ট্রাম্প সই করতে পারেন বলে জানা গেছে। তবে তাতে কী বদল হচ্ছে, তা পরিষ্কার নয়। পলিটিকো।
 
ইত্তেফাক/সাব্বির