‘সোনালি আঁঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই শ্লোগান সারাদেশে এবারই প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় পাট দিবস-২০১৭’। এ উপলক্ষে গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঢাকাসহ সারাদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।
শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবিনা আক্তার তুহিনসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাটচাষী, পাট ব্যবসায়ী ও এ খাতের সাথে সংশ্লিষ্টরা শোভাযাত্রায় অংশ নেন।
বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, সোনালি আঁশ পাট ও পাটজাত দ্রব্যই ছিল এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উত্স। পাটের সেই সোনালি ঐতিহ্য খুব শিগগির পুরোপুরি ফিরে আসবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনিসহ বিভিন্ন পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করায় পাটের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। এতে চাষীরা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশনে পাট দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন। এছাড়াও ৯ থেকে ১১ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু
