দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উত্সব’ এর ঘোষণা

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০৯:২৭
 
গত প্রায় ২ বছর ধরেই সাংস্কৃতিক উঠোন জুড়ে একাধিক সংগঠন গড়ে উঠছে, দেশের সংস্কৃতি-কর্মীরা নিজেদের আরো সক্রিয় করে রাখতেই যে এই উদ্যোগে অংশ নিচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই।
 
পরিবার বড় হলে যেমন আলাদা নিয়ম কানুন বা অনুশাসনের জন্য আলাদা নেতৃত্বের প্রয়োজন হয়, শোবিজেও তেমনি এখন বড় পরিবারের জন্য আলাদা সাংগঠনিক ভিতরে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
 
গত ৫ মার্চ ঢাকা ক্লাবে বাঙালি সাংস্কৃতিক জোট নামে নতুন একটি প্লাটফর্ম এর আনুষ্ঠানিক ঘোষণা দিলো গণমাধ্যমের সামনে। বাঙালি সাংস্কৃতিক জোটের আয়োজনে বিনোদন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি গেট টুগেদারের আয়োজনই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য। সন্ধ্যার আড্ডা আসরে শিল্পী সাংবাদিকরা একাত্মতা জানালেন সংগঠনটির প্রতি।
 
বাঙালি সাংস্কৃতিক জোট এর সভাপতি চয়ন ইসলাম ইত্তেফাককে বলেন, ‘আমাদের প্রথম উদ্যোগ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে দিনব্যাপী জন্মোত্সব পালন করা। এবং আমরা বকুল তলায় সেই আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। জাতির জনকের জন্মদিনে এ যাবত কোনো উত্সব অনুষ্ঠিত হয়নি। যা আমাদের অনেক আগেই করা উচিত ছিল।’
 
‘সাংবাদিক ও সংস্কৃতির মেলবন্ধন শীর্ষক অনুষ্ঠানে বাঙালি সাংস্কৃতিক জোটের সভাপতি চয়ন ইসলাম এ জন্মোত্সবের লোগো উন্মোচনের ঘোষণা দেন। এ সময় বিনোদন সাংবাদিক জুটন চৌধুরীর চিকিত্সার জন্য ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে এই সংগঠন। জুটন চৌধুরীর বন্ধু সাংবাদিক দেওয়ান হাবিবের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয় বাঙালি সাংস্কৃতিক জোটের সভাপতি চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার।
 
অনুষ্ঠানে অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত সভাপতি শহীদুল আলম সাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রাবন্তী কর, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস,প্রবীণ অভিনেতা দিলু, কবি নাসির আহমেদ, ডিইউজে এর সভাপতি শাবান মাহমুদ, সুরকার হাসান মতিউর রহমানসহ সাংস্কৃতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আনজাম মাসুদ।
 
ইত্তেফাক/আনিসুর