মিনার জানালেন ‘তা জানি না’ গানের অাদ্যোপান্ত

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১২:১৭
 
ঝুম, কারণে অকারণে’র সফলতার পর আবারো নতুন গান নিয়ে হাজির কণ্ঠশিল্পী মিনার রহমান। গত শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে মিনারের ‘তা জানি না’ গানের ভিডিও। তিন দিনে নতুন গানটি বেশ প্রশংসা পেয়েছে। কথা, সুর ও কণ্ঠ তার নিজেরই।
 
সাজিদ সরকারের সংগীতায়োজনে এর নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মিনার ছাড়াও মডেল হিসেবে দেখা গেছে বনি ও হৃদি শেখকে। তবে এই গান কিভাবে আসলো, ইত্তেফাক অনলাইনের কাছে গানের পেছনের গল্প বললেন মিনার নিজে। 
 
মিনার বলেন, একটা বিশাল জেনারেশন একটা সময়ের বদলে যাওয়া দেখেছে। সরাসরি অভিজ্ঞতা করেছে। শৈশবে তারা ল্যান্ডফোনের দিনগুলো দেখেছে। চিঠি লিখেছে বাবা-চাচাকে, আত্মীয় স্বজন, বন্ধু- বান্ধবদের, তারপর আরেকটু বড় হয়ে এন্টেনায়ালা মোবাইলের ১৫ টাকা কলরেটের দিনগুলোকেও তারা দেখেছে। অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। এই একই জেনারেশন টাই এখন স্মার্টফোন ব্যবহার করছে। ফেসবুক, ওয়াটসআপ, ভাইবার, মেসেঞ্জার আরও কত কি। 
 
তার ভাষায়, এই একই জেনারেশন বইয়ের পাতা উল্টিয়ে নতুন বইয়ের গন্ধে বিমোহিত হয়ে নিজেদের কল্পনার সাগরে ভাসিয়ে দিয়েছে। তাদের আগের জেনারেশনও ওভাবে সময়ের এই বদলে যাওয়াকে দ্যাখেনি। এই বদলে যাওয়া সময়কে দেখবে না একদম সদ্য নতুন প্রজন্ম।
IMG0
আশেপাশে তাদের অনেক কিছু। অনেক অপশন। তারা চাইলেই ল্যান্ডফোনের দিনগুলোতে ফিরে যেতে পারে। আবার চাইলেই যেকোনো সময় দূরদেশে থাকা বন্ধূকে ওয়াটসাঅ্যাপ এ ফোন দিতে পারে। চাইলেই প্রিয় মানুষটাকে চিঠি লিখতে পারে অথবা মেসেঞ্জারেই বার্তা পৌঁছে দিতে পারে। চাইলেই ক্যাসেট প্লেয়ারে, সিডি প্লেয়ারে গান শুনতে পারে অথবা নিজের স্মার্টফোনে মুহূর্তেই নামিয়ে নিতে পারে মিউজিক অ্যাপ্স। চাইলেই ভিসিয়ার, ভিসিডির দিনগুলোতে ফিরে যেতে পারে আর নাহলে ইউটিউব তো আছেই। কারন তারা এই সবকিছুরই অভিজ্ঞতার সাক্ষী।
 
মিনার বলেন, অন্যদিকে বর্তমান প্রজন্ম অনুভুতির দিক থেকে দ্বিধার সময় পার করছে। ফেইসবুক নিউজ ফিড স্ক্রল ডাউন করেই যাচ্ছে, বুঝতে পারছে না কোথায় গিয়ে থামবে। টিভিতে চ্যানেল বদলেই যাচ্ছে, বুঝতে পারছে না কি দেখবে।
 
হয়ত জীবনের মুহূর্ত গুলো তারা অনুধাবন করছে কিন্ত কোন সিদ্ধান্তে আসতে পারছে না। তাদের মন বলে, তারা বলতে পারে না। তারা চোখ বন্ধ করে রাখে, কিন্ত ঘুম আসে না। তারা ভালোবাসতে চায় কিন্ত কেন তবু ভুল করেও তারা ভালোবাসে না। তারা তা জানে না ...
ইত্তেফাক/আনিসুর