সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ মামলার বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিন মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন।
সকালে শারীরিকভাবে অসুস্থ বাদী হুইল চেয়ারে আদালত কক্ষে প্রবেশ করেন। পরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাফিজুল ইসলাম তার জবানবন্দী গ্রহণ করেন।
জবানবন্দীতে তিনি ২০০২সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার পথে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে কারা কিভাবে হামলা করেন তা উল্লেখ করেন। এ মামলার প্রধান আসামি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০জন আসামির কয়েকজন পলাতক রয়েছেন। অন্যরা জামিনে অথবা জেলে আটক রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, কলারোয়ার হিজলদির এক মুক্তিযোদ্ধাপত্নী ধর্ষিত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। শেখ হাসিনা সাতক্ষীরায় এসে তাকে দেখে তার সফরসঙ্গীদের নিয়ে যশোর ফিরে যাচ্ছিলেন। এ সময় কলারোয়ায় পৌঁছালে তার গাড়িবহরে হামলা করা হয়। হামলায় আওয়ামী লীগ সভানেত্রী অক্ষত থাকলেও তার সফরসঙ্গীরা আহত হন। এ সময় তাদের গাড়িও ভাঙচুর হয়।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. ওসমান গণি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিন আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি আরো জানান, এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ মার্চ।
ইত্তেফাক/জামান
