তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশিয় চলচ্চিত্র শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম এ মালেকের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে দক্ষ ও যোগ্য নির্মাতা এবং কলাকুশলী সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ডিগ্রি ও কারিগরি প্রশিক্ষণ প্রদানসহ এতদসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করার উদ্দেশে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট’ গত ২০১৩ সালের ১ নভেম্বর থেকে আরম্ভ হয়েছে। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ইনস্টিটিউটের প্রথম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।’
তথ্যমন্ত্রী বলেন, দেশীয় চলচ্চিত্র শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কবিরপুরে ১০৫ একর জমির ওপর বিশ্বমানের একটি ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ গড়ে তোলার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বিএফডিসির আধুনিকায়ন ও সমপ্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার ‘বিএফডিসি’র আধুনিকায়ন ও সমপ্রসারণ’এর জন্য ৫৮ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। ‘বিএফডিসি’র আধুনিকায়ন ও সমপ্রসারণ’ শীর্ষক এই প্রকল্পের আওতায় অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা (২কে ও ৪কে), ডিজিটাল এডিটিং ইকুইপমেন্ট, বিভিন্ন প্রকার লাইট, সেন্ট্রাল স্টোরেজ, ডিসিআই এনকোডার, ডিসিআই ডেলিভারি ও প্রজেকশন ইউনিট, ক্যামেরা এক্সেসরিজ, ডিজিটাল এডিটিং মেশিন, কালার গ্রেডিং স্যুট, অত্যাধুনিক ক্রেন সংগ্রহ করে স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। বাসস।
ইত্তেফাক/মণ্ডল
