পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান, ১৩ চালকের কারাদণ্ড

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:৩৬
পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে তৃতীয় দিনের অভিযানে ১৬৭টি মামলাসহ ১৩ চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ডিএসসিসির নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলা ও কারাদণ্ড ছাড়াও ১৫টি মেয়াদোত্তীর্ণ গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো ও ৩ লাখ ৬৫  হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
 
রাজধানীর টিকাটুলী অভিসার সিনেমা হল এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তাসমিয়া। অভিযানে ২৪টি মামলা ও ৮৬ হাজার ৬০০টাকা জরিমানা করেন তিনি।
 
ঢাকা ক্লাব শাহবাগ এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে চারটি বাস ডাম্পিং, চার চালকের কারাদণ্ড, ৩৩টি মামলা ও ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদারের নেতৃত্বে খিলগাঁও খিদমাহ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে এক চালকে এক মাসের কারাদণ্ড ও একটি বাস ডাম্পিং এবং ৩৬ হাজার ৬৫০ টাকা জরিমানাসহ আইন অমান্য করায় ১৪টি মামলা করা হয়।
 
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪১টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করে। লাইসেন্সবিহীন বাস, পিকআপ ও সিএনজি অটোরিকশা চালনার অপরাধের ছয়টি মামলায় ছয়জন চালকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। একই আদালত রাস্তায় চলাচলের অযোগ্য একটি এম্বুলেন্স, একটি প্রাইভেকার, একটি সিএনজি অটোরিকশা ও দুইটি পিকআপ ডাম্পিং স্টেশনে পাঠায়।
 
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত রাজধানীর খিলগাঁও এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৬টি মামলায় ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও লাইসেন্সবিহীন গাড়িচালনার অপরাধের ২টি মামলায় দুই চালককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে। এছাড়া লক্কর-ঝক্কর ও কাগজপত্রবিহীন গাড়িচালনার অভিযোগে বাহন, তুরাগ, ছালছাবিল পরিবহনের ৫ টি বাস ডাম্পিং স্টেশনে প্রেরণ করেছে।
 
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত মহানগরীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৯টি মামলায় ৪০ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে।
 
ডিএসসিসি সূত্র জানা গেছে, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০ বছরের বেশি পুরনো গাড়ির পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হচ্ছে। এছাড়া গাড়ির ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাঙ্ক্সটোকেন, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা তাও দেখা হচ্ছে।
 

ইত্তেফাক/মণ্ডল