মতিঝিলে বাবা-ছেলে গুলিবিদ্ধ

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২১:৪০
রাজধানীর মতিঝিল এলাকায় বাবা-ছেলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তারা রিকশাযোগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ বাবার নাম শামসুল হক (৫৮) ও ছেলে আশরাফুল হক (২৮)। তাদের ঢাকা মেডিক্যাল কেলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শামসুল হক পরিকল্পনা মন্ত্রণালয়ের এজির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। আর আশরাফুল হক ধর্ম মন্ত্রণালয়ের হিসাব শাখায় সেকশন কর্মকর্তা হিসেবে কর্মরত।
 
আহতের স্বজনরা হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাসা সবুজবাগ বাসাবোতে। সন্ধ্যায় বাবা-ছেলে একটি রিকশাযোগে পূর্ব বাসাবোর বাসায় ফিরছিলেন। তারা মতিঝিল সরকারী বয়েজ স্কুলের সামনে পৌঁছাতেই দুটি মোটর সাইকেলে চার-পাঁচজন ব্যক্তি এসে তাদের নামিয়ে গুলি করেন। এতে বাবার দুই পায়ে ও হাতে গুলি লাগে। ছেলের পিঠের নিচে গুলিবিদ্ধ। 
 
গুলিবিদ্ধ শামসুল হক হাসপাতালে সাংবাদিকদের জানান, হামলার সময় দুর্বৃত্তরা তার পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সেই সঙ্গে তার কাছে থাকা ব্যাগটিও তারা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে তিনি নিতে দেননি। ওই ব্যাগে কোন টাকা ছিল না। অফিসিয়াল জরুরি কাগজ ছিল। কেন তাদের উপর হামলা তাদের কোন ধারনা নেই বলে তিনি জানান। 
 
এদিকে ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনসহ ওই বিভাগের পুলিশ কর্মকর্তারা ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে ডিসি আনোয়ার হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে ওই দুজনকে কেন গুলি করা হয়েছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। ঘটনাটি ছিনতাই না পূর্ব পরিকল্পিত তা এখনো জানা যায়নি। হামলার উদ্দেশ্য, ঘটনার সময়, ও আহত বাবা ছেলের সঙ্গে কারো কোন পূর্ব শক্রুতা ছিল কিনা এমন অনেক বিষয় নিয়ে এ ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলের আশাপাশের প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের তথ্য সংগ্রহ করে হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/মণ্ডল