‘ভুবন মাঝি’ই কালিকাপ্রসাদের স্বপ্ন-পূরণ করেছে

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১০:৩০
 
সঙ্গীতশিল্পী ও পশ্চিমবঙ্গের ‘দোহার’ ব্যান্ডের গায়ক-সংগীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্য গতকাল মঙ্গলবার ভারতের হুগলীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভক্তরা তার এই অকাল মৃত্যু মানতেই পারছেন না। শোকাহত দুই বাংলার কালিকা ভক্তরা।
 
কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে ভারতে ফিরেন কালিকা। চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহ তাঁর কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পহেলা মার্চ এসেছিলেন ঢাকায়। ২ মার্চ ‘ভুবন মাঝি’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এখানে প্রথম সঙ্গীত পরিচালনা করেছেন কোনও ছবিতে।
 
৩ মার্চ মুক্তি পায় ‘ভুবন মাঝি’। আর তাতেই হিট কালিকা। বেশ প্রশংসা পেয়েছে তার গাওয়া এই ছবির ‘আমি তোমারই নাম গাই’ গানটি। সেই খবরও পেয়েছিলেন কালিকাপ্রসাদ। তবে সেই সুখ ফুরবার আগেই তাকে চলে যেতে হলো।
 
প্রত্যেক শিল্পীরই জীবনে স্বপ্ন থাকে, কোনও দিন একটা ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকা নেবেন। এরআগে বিভিন্ন ছবিতে গায়ক কালিকাপ্রসাদকে দেখা গেলেও এই প্রথমবার তিনি সঙ্গীত পরিচালনা করলেন। একটা স্বপ্ন পূরণ করেন মাত্র, তবে অনেক স্বপ্ন রয়ে গেল অজানা।
IMG0
ভুবন মাঝির প্রিমিয়ার অনুষ্ঠানে কালিকাপ্রসাদ বলেছিলেন বাংলাদেশ নিয়ে তাঁর আবেগের কথা। বলেছিলেন, ‘‘আমার দু’টো সত্ত্বা, একটি ভারতবাসী আর একটা বাঙালি। মুক্তিযুদ্ধকে আমরাও আমাদের অস্তিত্বের অংশ বলেই মনে করি। আমি জন্মগত ভাবেও ’৭১-এর সন্তান। আমার জন্ম ঠিক কলকাতায় নয়, আসামের শিলচরে। আসামে আমার বেড়ে ওঠা। জন্মের পর থেকে অনেকগুলো ঘটনা আমার অঞ্চলেও দেখেছি। ১৯৬১ সালে আমার অঞ্চলেও ১১ জন মারা গিয়েছেন বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে।
 
তিনি আরো বলেন, ‘এ ছবির মধ্য দিয়েই আমার সঙ্গীত পরিচালনা শুরু। আমি বলতে গেলে গান লিখিও না। বাংলাদেশই আমাকে দিয়ে দু’বার গান লেখালো। এক বার শাহবাগ আন্দোলনের সময় প্রাণের তাগিদে গান লিখেছিলাম, আর একটা এই ছবিতে। ভারতবর্ষের রিপ্রেজেন্টেশন যদি বলি, মুক্তিযুদ্ধেও ছিলাম, আজকের ‘ভুবনমাঝি’তেও আছি।’
 
তবে তার এই থাকাটা স্থায়ী হলো না, মৃত্যু তাকে কেড়ে নিল আমাদের কাছ থেকে। তবে কালিকাপ্রসাদ ঠিক আগের মতো রইবেন লক্ষ-কোটি বাঙালীর মনে-ভালবাসায়। 
ইত্তেফাক/আনিসুর