গত বছরের আজকের দিনে ধানমন্ডির বাসার সামনে একটি গাছের ডালের নিচে চাপা পড়ে অনাকাঙ্খিতভাবে মারা যান চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী।
খালিদ মাহমুদ মিঠু দেশের স্বনামধন্য চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী। ১৯৬০ সালে তিনি জন্ম গ্রহণ করা খালিদ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে এমএফএ করেন।
তার পরিচালিত প্রথম ছবি ‘গহীনে শব্দ’। এই সিনেমাটি তাকে এনে দিয়েছিলো শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির সম্মান। ছবিটি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
এছাড়া তিনি ‘জোনাকির আলো’ শিরোনামের সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান।
চলচ্চিত্র নির্মাণ ও ছবি আঁকার পাশাপাশি মিঠু পরিচিত ছিলেন একজন লেখক হিসেবেও। চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার সঙ্গে দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক ছিলেন প্রখ্যাত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু।
ইত্তেফাক/আনিসুর
