রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট ও ভারতীয় শাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ১ লাখ ৫৫ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট ও প্রায় ১৫ লাখ টাকার ২০৭ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি।
গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
IMG0
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, কুয়েত এয়ারলাইনসের ফ্লাইট কেইউ ২৮৩ এ আগত যাত্রী মো. সেলিম মিয়ার কাছ হতে ২২৩ কার্টন সিগারেট এবং ৫৫৫ কার্টন ৪, ৬ ও ৮ নম্বর ব্যাগেজ বেল্টে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরিত্যক্ত সিগারেট রাতের বিভিন্ন সময়ে এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ারযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সিগারেটগুলো ইউএসএ এর ৩০৩, ইউকে এর বেনসন অ্যান্ড হেজেস ও ৫৫৫, সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ার ইজি ব্র্যান্ডের।
IMG1
এ ছাড়া কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি০৯৬ ফ্লাইটে আগত দুইজন যাত্রীর কাছ থেকে ২০৭ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। শুল্ককরসহ আটককৃত শাড়ির মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এগুলোও পরিত্যক্ত অবস্থায় লাগেজ বেল্ট থেকে উদ্ধার করা হয়েছে। লাগেজ ট্যাগ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
উদ্ধারকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/কাউছার
