এসিড আক্রমণের শিকার নারীদের নিয়ে ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে বাংলাদেশে। ঢাকায় মঙ্গলবার বিবি রাসেল ডিজাইন করা পোশাক পরে ফ্যাশন শো'র স্টেজে মাতিয়েছেন এসিড আক্রমণে বেঁচে যাওয়া নারীরা। নারী দিবসকে সামনে রেখে অ্যাকশন এইডের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল এসিড আক্রমণের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সামাজিকভাবে এসিড আক্রমণের শিকার নারীদের পুনর্বাসন সহযোগিতা প্রদান।
ফ্যাশন শো তে অংশ নেয়া সাতক্ষীরা তালা থানার সোনালি খাতুন (১৪) বলেন, এখানে এসে আমার অসাধারণ লাগছে। আমার মনে থাকা ভয়গুলো কেটে গেছে।
সে সহ আরো ১৫ জন এসিড দগ্ধ নারীকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোনালি আরো বলেন, একদিন নিশ্চয়ই আমি লক্ষ্যে পৌঁছব। আমার এই ক্ষত আমাকে আরো দৃঢ় করে তুলেছে।
মাত্র ১৭ মাস বয়সে এক প্রতিবেশী সোনালির গায়ে এসিড ঢেলে দেয়। সোনালির বাবা-মা'র সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে এই কাজ করা হয়। এসিড আক্রমণের পর তিন বছর পর্যন্ত সোনালিকে হাসপাতালে থাকতে হয়েছে। এ সময় বেঁচে থাকার লড়াইয়ে সে জয়ী হলেও সমাজে ফিরে আসার পর তাকে শুনতে হয়েছে প্রতিবেশী ও আত্মীয়দের কটু কথা। আর ছোট এই জীবনে এত কিছু সহ্য করে এই ফ্যাশন শোতে আসার পর তার সব ভয় দূর হয়ে গেছে বলে জানান সোনালি। তিনি বলেন, এখানে এসে আমি নিজের ভেতরে সেই সাহস পাচ্ছি।
বিবি রাসেল এই আয়োজন সম্পর্কে বলেন, আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকা বিষয়গুলোর একটি এই আয়োজন। তারা যেন নিজ পরিচয় তৈরি করতে পারে এটাই আমার চাওয়া। এই পৃথিবীর অংশ হিসেবে তারাও যেন একটি ভাল জীবন লাভ করে।
উল্লেখ্য, বর্তমানে কঠোর আইনের কারণে দেশে এসিড সন্ত্রাসের হার কমে গেলেও এসিড আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত নারীরা সামাজিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ইয়াহু নিউজ।
ইত্তেফাক/রাফাত
