‘খালেদা জিয়ার নেতৃত্বে নারীদের অধিকার পুনরুদ্ধার করব’

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৫:৪৫
 
গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বুধবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ র‌্যালির আয়োজন করা হয়। 
 
মির্জা ফখরুল বলেন, আজকে সংকট মূলত গণতন্ত্রের সংকট। গণতন্ত্রের চর্চা নেই বলেই নারীরা নিপীড়িত, নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছে। গণতন্ত্র ফেরাতে পারলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে।
 
বিশ্বের জনসংখ্যার অর্ধেক নারী ও তাদের অবদান পুরুষের সমান উল্লেখ করে  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যা কিছু মহৎ, যা কিছু মহান তা বিনির্মাণে নারীদের ভূমিকা বড়ই অপরিসীম। একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, নারীর মুক্তি নারীর স্বাধীনতা সব কিছুই নির্ভর করবে যদি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা থাকে, আমাদের অধধিকারগুলো আমরা পুনরুদ্ধার করতে পারি তাহলেই শুধু নারীদের অধিকার নিশ্চিত করতে পারব।
 
তিনি বলেন, আমরা সবাই জানি, যিনি নারীমুক্তি আন্দোলনের সূচনা করেছিলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই প্রথম উপলব্ধি করেছিলেন অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে রাখলে উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই তিনি একটি মহিলাবিষয়ক মন্ত্রণালয় করেছিলেন। সর্বক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার উত্তরসসূরী বেগম খালেদা জিয়া এই উদ্যোগকে আরও বেগবান করেছিলেন।
 
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আজকের নারী দিবসে আমাদেরকে শপথ নিতে হবে আমাদের অধিকারকে আমরা রক্ষা করব। খালেদা জিয়ার নেতৃত্বে নারীদের অধিকার পুনরুদ্ধার করব। এটাই হোক আজকের প্রতিজ্ঞা।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলাবিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা নেত্রী জেবা খান, হেলেন জেরিন খান, খালেদা ইয়াসমিন নিপুন রায় চৌধুরী প্রমুখ।
 
ইত্তেফাক/কাউছার