স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। একের পর এক মেগা উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে।'
তিনি বলেন, 'এ উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করার জন্য এ দেশে সন্ত্রাসীদের আনাগোনা। এজন্য আজকে বোমাবাজি হচ্ছে। উগ্রবাদী এই সন্ত্রাসী-জঙ্গিদের মোকাবেলায় ইমামদেরও সহযোগিতা প্রয়োজন।'
বুধবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত 'সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি' বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেত্রী নন, সারা বিশ্বের প্রশংসিত নেতা' উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সারাবিশ্ব যখন জঙ্গি উত্থানে উদ্বিগ্ন, তখন কীভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করছি! কীভাবে আমরা একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করছি! এদেশে জঙ্গিদের কোনো প্রচেষ্টা কখনও সফল হবে না।'
আরএমপির কমিশনার মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর কমিটির সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি, আয়েন উদ্দিন এমপি, আকতার জাহান এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, শোলাকিয়া ঈদগাহের পেশ ইমান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবসুনন্দ মহারাজ, কুমিল্লা শালবন বিহারের অধ্যক্ষ শীলতন্দ্র মহাথেরো, রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ ক্যাথলিক জেরভাস রোজারিও প্রমুখ।
এছাড়া রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আখতার রেণী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগরে সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
