আন্তর্জাতিক নারী দিবসে হাইকোর্টে মামলার শুনানিতে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবীরা। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এ অগ্রাধিকার পান তারা। বিষয়টিকে আন্তর্জাতিক নারী দিবসে নারীর প্রতি বিশেষ সম্মান হিসেবে দেখছেন আইনজীবীরা।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চের এখতিয়ার রয়েছে ফৌজদারি মোশন ও ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদনপত্র এবং ওই সংক্রান্ত জামিনের আবেদন শুনানির। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণযোগ্য দুর্নীতি দমন কমিশন আইন সংক্রান্ত সকল প্রকার ফৌজদারি ও রিট মোশন, রিভিশন মোকদ্দমার শুনানি গ্রহণ করে এই ডিভিশন বেঞ্চ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এজলাশে আসেন দুই বিচারক। আদালতের কার্যক্রম শুরুর পর একটি জামিনের আবেদন শুনানির জন্য উল্লখ করা হয়। এ সময় একজন পুরুষ ও একজন নারী আইনজীবী দাঁড়িয়ে যান। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী আইনজীবীদেরকে শুনানিতে অগ্রাধিকার দিন। এরপরই বেশ কয়েকজন নারী আইনজীবী তাদের মক্কেলের জামিন আবেদন শুনানির জন্য আদালতে পেশ করেন। শুনানি নিয়ে আদালত কয়েক জনের জামিনও মঞ্জুর করেছেন। এর মধ্যে নারীও রয়েছেন।
প্রসঙ্গত, এই বেঞ্চের আজকের কার্যতালিকা অনুসারে শুধু দুর্নীতি দমন কমিশনের মামলা শুনানির কথা থাকলেও দিনের শুরুতে ৮জন নারী আইনজীবী ও বিচারপ্রার্থীদের মামলার শুনানিতে সুযোগ পান। পরবর্তীতে জামিনসহ অন্যান্য মামলায় আদেশ প্রদান করে আদালত।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবসে গত বছরও এক ঘণ্টা নারী আইনজীবীদের জন্য মামলার শুনানি করার সুযোগ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এর ধারাবাহিকতায় এবারও এই আন্তর্জাতিক দিবসটিতে নারী আইনজীবীদের মামলার শুনানিতে অগ্রাধিকার দিয়ে নজির স্থাপন করলেন এই বিচারক। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, এটি একটি ইতিবাচক উদ্যোগ। আদালতের এই উদ্যোগে নি:সন্দেহে প্রশংসাসূচক।
১৯৭৫ সালে জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তজার্তিক স্বীকৃতি পায় নারী দিবস। সেই থেকে ৮ মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
ইত্তেফাক/মাহমুদুল
