মতলব উত্তরে লতিফ মিয়াজী মার্কেটের ৪টি দোকান পুড়ে ছাই

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ০০:০৭

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর এলাকার আঃ লতিফ মিয়াজী মার্কেটের ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান আনুমানিক ১৫লক্ষাধিক টাকা।

গতকাল বুধবার রাত ১০টার দিকে গজরা ইউনিয়নের ওটারচর হাইস্কুল সংলগ্ন আঃ লতিফ মিয়াজী মার্কেটে আগুন লাগে। আগুন নিভাতে আশেপাশের লোকজন ছুটে আসে। অল্প সময়ের মধ্যেই পাশাপাশি ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। চারটি দোকানের মধ্যে ২টি মুদি দোকান, ১টি ফার্ণিচার ও ১টি চায়ের দোকান। ধারনা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

স্থানীয় সূত্র জানায়, মুদি দোকানে খোলাভাবে বোতলে করে পেট্রোল ও ডিজেল বিক্রি হতো। দোকানের পেট্রোল ও ডিজেল থাকার কারনে আগুন নেভানো সম্ভব হয়নি বরং দ্রুততম সময়ের মধ্যে দোকান ৪টি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের খবর পেয়ে মতলব উত্তর থানা থেকে পুলিশ আসে এবং জেলা শহর চাঁদপুর থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মতলব ফেরী ঘাট পর্যন্ত আসে। আগুনে সব পুড়ে গেছে, আশেপাশে আর আগুন ছড়ানোর কোন সম্ভাবনা নাই এবং বর্তমানে আগুন নিভে গেছে এমন খবর নিশ্চিত হবার পরে ফায়ার সার্ভিসের দলটি চাঁদপুরে ফিরে যায়।

মার্কেট মালিক আঃ লতিফ মিয়াজী জানায়, আমি অনেক শখ করে নতুন এই মার্কেটটি নির্মান করি। আগুনে পুড়ে যাওয়ার কারনে আমি এবং আমার দোকানের ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষতি হয়ে গেল।

ইত্তেফাক/নূহু