বাউফলের বাহেরচর ব্রিজের অ্যাপ্রোচ রোড বিপজ্জনক

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ০১:৫৬

জেলার বাউফলে বাহেরচর ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক দেবে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিনিয়ত শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার হচ্ছে। বর্তমানে ওই ব্রিজ দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল একরকম বন্ধের পথে। বিশেষ করে ব্রিজসংলগ্ন ইটেরভাটাসহ বাহেরচর বাজারের ধান-চাল, কাঠ ও গরু ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

সম্প্রতি সরেজমিনে জানা যায়, প্রতিদিন হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়, সিংহেরা কাঠি কোরআন সুন্নাহ দাখিল মাদ্রাসা, কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম সিংহেরা কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার হচ্ছে। এদিকে রাতে ব্রিজের অ্যাপ্রোচ সড়কে আলো না থাকার কারণে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। আবার প্রতিবন্ধীরাও ওই ব্রিজ পারাপারের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাকেরগঞ্জের সঙ্গে বাউফল, গলাচিপা ও পটুয়াখালীর সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বাহেরচর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১২৬ মিটার দীর্ঘ ওই ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় সাড়ে তিন কোটি টাকা। ২০০৭ সালে এলজিইডির তত্ত্বাবধানে বাহেরচর ব্রিজের নির্মাণ কাজ শুরুর পর থেকে সিডিউল অনুযায়ী কাজ না করা ও নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলেও এর নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, ব্রিজের একাধিক পিলারে ফাটল ধরেছে, দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ও দক্ষিণ পাশে দুই নম্বর স্লাব ডেক দেবে গেছে। পাইলিং নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ডেক স্লাব দেবে গেছে। অ্যাপ্রোচ সড়কে ব্যবহার করা ব্লকগুলো নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করায় তা ভেঙে যাচ্ছে। যে কোনো সময় ব্রিজটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করেছেন।

এলাকার ভুক্তভোগীরা জানান, স্থায়ীভাবে মেরামতের উদ্যোগ না নেওয়ায় প্রতিবছরই সরকারের অর্থের অপচয় হচ্ছে। তাই অ্যাপ্রোচ সড়কটি মেরামতের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ব্রিজটি নির্মাণকালে আমি বাউফলে ছিলাম না। শীঘ্রই ব্রিজটির অ্যাপ্রোচ সড়ক মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ইত্তেফাক/নূহু