গলে টেস্টের তৃতীয় দিনে ভক্তদের আশাকে চূর্ণ করে পুরোনোর রুপে ফিরে গেছে টাইগার ব্যাটসম্যানরা। দায়িত্বহীনতার পরিচয় দিয়ে টেস্ট মেজাজ হারিয়ে উইকেট খুঁইয়ে এসেছে।
দ্বিতীয় দিনের খেলা শেষে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে বলেছিলেন, শিষ্যরা সাড়ে ৫শ রান করতে পারলেই তিনি খুশি। এমনিক ম্যাচের ভাগ্য নির্ভর করছে তৃতীয় দিনে টাইগারদের ব্যাটিং সামর্থ্যের উপরে।
যদিও এই গলে মাঠেই সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু তৃতীয় দিনটা স্বপ্নের মতো হলো না টাইগারদের জন্য। লাঞ্চের আগে ৬টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসে তারা।৮১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬০/৬। লঙ্কানদের থেকে ২৩৪ রানে এখনো পিছিয়ে আছে ।
অধিনায়ক মুশফিকুর রহিম ৫৫ ও মেহেদী হাসান মিরাজ ২৯ রানে অপরাজিত আছেন।
IMG0
এর আগে দিনের শুরুতে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশকে আশা দেখাচ্ছিল তার সাবলীল ব্যাটিং। দ্বিতীয় দিনে শেষে ৬৬ রানে অপরাজিত থাকা সৌম্য আজ ১৩৭ বলে ৮ চার এবং ১ ছক্কায় ৭১ রান করে লাকমলের শিকার হন। লাকমলের শর্ট বলটি বিভ্রান্ত করে সৌম্যকে। একটু মনযোগ হারিয়ে ফেলেন তিনি। বলটি ছেড়ে দিতে গিয়েও কী মনে করে আবার পুল করে বসেন। দিলরুয়ান পেরেরা ক্যাচটি তালুবন্দী করতে ভুল করেননি।
সৌম্যর পর স্বভাবসুলভ আক্রমণাত্বক হতে গিয়ে বাজে বলে উইকেট বিলিয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ১৯ বলে ২৩ রান করে আউট হন। সান্দাকানের বলটি ফাইন লেগ দিয়ে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় কিপার ডিকাভিলার হাতে।
সাকিবের বিদায়ের পর দ্রুতই ফিরে যান মাহমুদ উল্লাহ রিয়াদ। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না। দলীয় ১৮৪ রানে লাহিরু কুমাররা দারুণ এক ইয়র্কারের সরাসরি বোল্ড হয়ে যান ২৬ বলে ৮ রান করা রিয়াদ। মাত্র ৮ রানের ব্যবধানে অধিনায়ক রঙ্গনা হেরাথের প্রথম শিকারে পরিণত হন অনেকদিন পর দলে সুযোগ পাওয়া উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। হেরাথের বলে গুনারত্নের হাতে ক্যাচ দেন ১৩ বলে ৫ রান করা লিটন।
ম্যাচ বাঁচাতে মুশফিক-মিরাজের জুটিই এখন ভরসা।
ইত্তেফাক/রেজা
