টিভি শো নিয়ে ছোটপর্দা কাঁপাবেন রণদীপ হুদা

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:০৯
এত দিন বলিউডের রুপালী পর্দা কাঁপিয়েছেন তিনি। এ বার ছোটপর্দাতেও নিজের ক্যারিশমা দেখাবেন অভিনেতা রণদীপ হুদা। ‘বিগ এফ’ নামের একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক করবেন তিনি।
 
সূত্রের খবর, শোয়ের ফর্ম্যাট নাকি একেবারেই নতুন। আসন্ন ওই শো-তে জেন ওয়াইয়ের তীব্র গোপন বিভিন্ন কল্পনার কথা তুলে ধরা হবে। শেয়ার করা হবে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতাও। এমন কিছু বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলা হবে যা নাকি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে মাইলস্টোন তৈরি করতে চলেছে বলে দাবি কর্তৃপক্ষের।
 
সমাজে এখনও বিভিন্ন বিষয় নিয়ে মহিলাদের কুকথা শুনতে হয়। অপমানিত হতে হয়। বিশেষত যৌনতা নিয়ে বাঁকা দৃষ্টির সামনে পড়েন অধিকাংশ মহিলাই। সে সব নিয়েই সাজানো হয়েছে এই শো।
 
এ ব্যাপারে রণদীপ বলেন, মহিলারা যে পুরুষদের কামনা-বাসনা পূর্ণ করার বস্তু নন, সে বার্তাই দেবে এই শো। প্রত্যেক মহিলা প্রথমে একজন মানুষ। যদি তিনি যৌনতাকে উপভোগ করেন, তার মানে তো তিনি যৌনকর্মী নন।
 
ইত্তেফাক/রেজা