হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরে ব্যর্থ হওয়া সকল ট্যানারির কার্যক্রম বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন ট্যানারি মালিকরা।
আগামী রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আবেদনে হাইকোর্টের রায় স্থগিত চাওয়া হয়েছে।
গত ৬ মার্চ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ এক আদেশে হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দেন। পাশাপাশি ট্যানারি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে বলা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনে হাইকোর্ট এই আদেশ দেয়। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার এন্ড এক্স্রপোর্টার্স এসোসিয়েশন।
বৃহস্পতিবার আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে উপস্থাপন করেন আবেদনকারী সংগঠনের আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন।
ইত্তেফাক/উজ্জল
