‘নির্বাচনের আগের এক মাস লেভেল প্লেইং ফিন্ড দিলে হবে না। এখন থেকে জনসেবা ও জনসমাবেশ করার সুযোগ দিতে হবে’ নির্বাচন কমিশনের কাছে এমন দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব হবে সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়া।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমেদ বলেন, ‘আমাদের এখনও জনসমাবেশ, মানববন্ধন, মিটিং, মিছিল, বিজয় দিবসের মিছিল করার জন্য অনুমতি নিতে হয়। কিন্ত সরকারদলীয় সবকিছুই চলছে।’
তিনি বলেন, ‘এখন থেকে রাজনৈতিক পরিবেশ নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচনের আগে দিলে হবে না। তা না হলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।প্রধানমন্ত্রী এর মধ্যে বগুড়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি বগুড়ায় জনসমাবেশ করেছেন। এসব নির্বাচনী বিধি কিনা,জনগণ তা জানতে চায়।’
