স্পিডবোট দুর্ঘটনা : নিখোঁজ বিএনপি সভাপতির লাশ উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৬:৩৭
পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল শিকদারের (৪৫) লাশ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার তিনদিনের মাথায় আজ শুক্রবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের কাছে তাঁর লাশ ভেসে উঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর অনুজ শাহিন শিকদার ভাইয়ের লাশ শনাক্ত করেছেন। পরে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করেছে লৌহজং থান। এই সময় জাজিরা নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য একেএম নাসির উদ্দিন কালু সরদারসহ আত্মীয় স্বজন এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা প্রিয় নেতার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। জাজিরার পরিচিত নাম ছিল ইকবাল শিকদার। তিনি জাজিরা পৌরসভায় মেয়র পদেও নির্বাচনে অংশ নেন। 
 
লৌহজং থানার ওসি আনিসুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে ফেরির সঙ্গে লেগে লাশটি ঘাটের কাছে চলে আসে। লাশটি তাঁর ভাই শাহিন শিকদারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে এই দুর্ঘটনায় অপর নিখোঁজ ঢাকার কামরাঙ্গীর চরের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তারের সন্ধান এখনও মিলেনি। নৌ পুলিশ, ফায়াস সার্ভিস এবং স্বজনরা এখনও নদীতে খুঁজে ফিরছে তাহমিনাকে। 
 
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিয়ে বুধবার বিকালে ঝড়ের কবলে পড়ে ১৮ যাত্রী নিয়ে স্পিডবোট উল্টে যায়। এতে আহত অবস্থায় হাসপাতালে লাবিব হালদার (১০) নিহত হয়। পরদিন বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলের কাছে বাকেলা বেগমের (৪১) লাশ ভেসে উঠে। এই দুর্ঘটনার তিন দিনেও কোন মামলা হয়নি। 
 
মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন স্পিডবোটটি শনাক্ত হয়েছে। এটি শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের স্পিডবোট। দুঘর্টনার সময় চালক ছিলেন মাঝিকান্দি এলাকার হালেম মিয়া। আর এই স্পিডবোটের মালিক মাঝিকান্দির মিঠু মাঝি। অতিরিক্তযাত্রী ভর্তি করে ঝুঁকিপূর্ণ অবস্থায় স্পিডবোটটি চালানো হচ্ছিল। তবে এখনও কেন মামলা হলো না এর সদুত্তর দিতে পারেনি পুলিশ।