পরিচালকরা সিডিউল সমস্যায় পড়ার জন্য দুঃখিত

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১১:৩২
 
ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। নতুন সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নাটকের শুটিং নিয়ে ব্যস্ততা চলছে তার। 
 
তবে সম্প্রতি উর্মিলার হঠাৎ অসুস্থতায় ফেঁসে যান কয়েকজন নাট্য পরিচালক এবং সিডিউল নিয়ে সমস্যায় পড়েন বেশ কয়েকজন শিল্পী। 
 
কিন্তু উর্মিলার কিছুই করার ছিল না। যে কারণে উর্মিলা তার পরিচালক এবং সহকর্মীদের কাছে তার এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘পরিচালকরা সিডিউল সমস্যায় পড়ার জন্য দুঃখিত। খুব সিরিয়াস অসুস্থ না হলে আমি চেষ্টা করতাম শুটিংয়ে যেতে। কিন্তু কোনো উপায় ছিল না। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে, হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। আমি অতীতে কখনো কাউকেই ফাঁসাইনি। জীবনে প্রথম এমন হলো আমার ক্ষেত্রে। তাই আমার কারণে যাদের সমস্যা হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
 
‘অভিনয়শিল্পী সংঘ’র পক্ষ থেকে নেতাকর্মীরা এবং সংঘের বাইরে থেকেও অনেক শিল্পীই উর্মিলাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। সহকর্মীদের এমন ভালোবাসায় মুগ্ধ উর্মিলা।