ধুনটে নরসুন্দরকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১০:২০
বগুড়ার ধুনট উপজেলায় এক নরসুন্দরকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত  বিপ্লব কুমার (২২) উপজেলার এলাঙ্গী গ্রামের দিপু কুমার শীলের ছেলে।
 
শনিবার সকাল আটটার দিকে বাড়ির পাশে খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।
 
নিহতের বাবা দিপু কুমার শীল জানান,উপজেলার এলাঙ্গী বাজারের একটি সেলুনে কাজ করতেন বিপ্লব কুমার। শুক্রবার দুপুর পর্যন্ত কাজ করে সেলুন বন্ধ করে তিনি বাড়িতে আসেননি। সারা রাত আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল আটটার দিকে এলাঙ্গী খালের পূর্ব পাড়ে ঘাসের জমির ভেতর বিপ্লবের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বিপ্লবকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করে লাশ খালের পাড়ে ফেলে দিয়েছে।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
 
ইত্তেফাক/সালেহ্