‘সরকার শিক্ষাকে সব সময় অগ্রাধিকার দিয়েছে’

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৫:০৫
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে এতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।’
 
শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূবাইলে হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেশ আরো বেশি এগিয়ে যাবে।’
 
তিনি আরো বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে এবং মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা ও করা হয়েছে।’
 
প্রতিমন্ত্রী বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রায় দুই কোটি নারীকে ১৮টি ট্রেডে বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তাছাড়া বাল্য বিবাহ, যৌতুক, প্রজনন স্বাস্থ্য ও সম-অধিকারসহ সচেতনতার জন্য বিভিন্ন ইস্যুতে দেশের প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
 
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রিয়াজ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ।
 
এতে অন্যদের মধ্যে রাজউকের পরিচালক মো. আনিসুর রহমান মিঞা, উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) প্রণতি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান মামুন, আমজাদ হোসেন মোল্লা ও কাউন্সিলর বজলুর রহমান বাছির প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সালেহ্