চলমান ভারত সিরিজে বাকি দুটি টেস্ট ম্যাচের জন্য ইনজুরি আক্রান্ত পেসার মিশেল স্টার্কের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন আরেক পেসার প্যাট কামিন্স।আগামী ১৬ মার্চ থেকে রাঞ্চিতে শুরু হওয়া তৃতীয় টেস্টের দলে সুযোগ পেলে ডান-হাতি এই পেসারের জন্য এটি ২০১১ সালের পরে প্রথম টেস্ট হবে।
শুক্রবার স্টার্ক ডান পায়ের ইনজুরির কারনে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে পড়েছেন। তখনই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করায় সিরিজে টিকে থাকতে হলে স্টার্কের উপস্থিতি বেশ জরুরী ছিল।
২০১১ সালের নভেম্বরে ওয়ান্ডারাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ স্বপ্নের অভিষেকের পরে বিভিন্ন ধরনের ইনজুরিতে কামিন্সের টেস্ট ক্যারিয়ার বাঁধাগ্রস্থ হয়েছে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইটে এ সম্পর্কে নির্বাচক প্রধান ট্রেভর হনস বলেছেন, ভারতের বিপক্ষে সিরিজ থেকে স্টার্ককে হারানো বেশ দু:খজনক। তার পরিবর্তে দলে একজন আক্রমনাত্মক বোলার চেয়েছিলাম, সে কারনেই প্যাটকে ডাকা হয়েছে। সাম্প্রতীক সময়ে ওয়ানডে, টি২০ ও বিগ ব্যাশ লীগে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে প্যাট নিজেকে প্রমান করেছে। এছাড়া ছয় বছর পরে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডেও তিনি দারুনভাবে ফিরে এসেছেন। প্রথম ইনিংসে ৫৭ রানে ও দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ৪টি করে উইকেট দখল করে নিজেকে ম্যাচ সেরা হিসেবে মনোনীত করতে বাধ্য করেছেন।
যদিও ইনজুরির কারনে ২৩ বছর বয়সী কামিন্স সীমিত ওভারের ক্রিকেট থেকে প্রায়ই বাদ পড়তেন। রাঞ্চিতে মুল একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে কামিন্সকে বেশ কষ্ট করতে হবে।নিউজিল্যান্ড হেরাল্ড।
