শ্রীলংকা গেলেন ইমরুল, আগেই কলম্বো যাচ্ছে টাইগাররা

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৯:৩৫
আগামী ১৫ মার্চ বুধবার স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ। সে ম্যাচে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই দেশ ছেড়েছেন ওপেনার ইমরুল কায়েস।
 
আজ শুক্রবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এ ওপেনিং ব্যাটসম্যান।
 
স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও নিজেদের মাইলফলক স্পর্শকারী শততম টেস্টকে সামনে রেখে নিজের খেলার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইমরুল বলেন, ‘চেষ্টা করবো নিজের সেরা খেলাটি খেলার। আর তাতে যদি দল উপকৃত হয় সেটা আমার জন্যও বড় একটি প্রাপ্তি হবে।’
 
ফিটনেসহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে ছিলেন না ইমরুল। তবে বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে নিজের ফিটনেস ফিরে পাওয়ায় দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে ডাকেন নির্বাচকরা। ইমরুল শ্রীলঙ্কা পৌঁছানোর পরই দলে থাকা পাচ পেসারদের একজন দেশে ফিরে আসার কথা রয়েছে।
 
জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বাঁ-পায়ের উরুর ইনজুরিতে পড়েন ইমরুল। এরপর গত ৬ ফেব্রুয়ারি ভারত সিরিজে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবার সেই একইস্থানে ব্যথা পেলে টেস্ট সিরিজে খেলা হয়নি তার। 
 
ভারত থেকে ঢাকা ফিরে পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে উঠার পর বিসিএলের চলতি আসরের চতুর্থ রাউন্ড দিয়ে আবার ব্যাট হাতে নেন ইমরুল। দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে তিনি খেলেছেনও দুর্দান্ত ইনিংস। প্রথম ম্যাচে ৩১ রানের ছোট ইনিংস খেললেও পঞ্চমটিতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলেছেন ১৩৬ রানের অনবদ্য এক ইনিংস। পরের রাউন্ডেও করেছিলেন হাফসেঞ্চুরি।
 
একদিন আগেই কলম্বো যাচ্ছে বাংলাদেশ দল
 
গল টেস্টে পঞ্চম দিনের চা-বিরিতর আগেই শ্রীলংকার কাছে ২৫৯ রানে ম্যাচ হেরে বসে বাংলাদেশ। পুরো দিন মাঠে থাকতে হয়নি টাইগারদের। তাই ১৫ মার্চ থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য আজই কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে তিন দিন সময় পাচ্ছে টাইগাররা। 
 
আগের সূচি অনুযায়ী আগামীকাল কলম্বো রওনা হবার কথা ছিলো বাংলাদেশের। তবে গল টেস্ট আগে ভাগে শেষ হয়ে যাওয়ায় একদিন আগেই কলম্বো যাচ্ছেন মুশফিকরা। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গতকাল সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শুভাশীষ রায়, লিটন দাস (উইকেট রক্ষক) ও কামরুল ইসলাম রাব্বি। বাসস।