জেএমবির ‘বড় হুজুর’ আবারো রিমান্ডে

আপডেট : ১১ মার্চ ২০১৭, ২০:১৯
জেএমবির আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
 
শনিবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৩ মার্চ আবুল কাশেমের সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম সাতদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। 
 
রাজধানীর কল্যাণপুরে ছয়তলা ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি আস্তানা ও নয় জঙ্গি নিহতের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় আবুল কাশেমকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। 
 
২ মার্চ রাতে রাজধানীর মিরপুরে সেনপাড়া পর্বতা এলাকার একটি দোকানের বিকাশ নম্বরে এক ভক্তের পাঠানো টাকা নিতে এলে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। গুলশানে হলি আর্টিজানে হামলাসহ বেশ কয়েকটি নাশকতা চালানোর অনুমোদন দিয়েছিল বলে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের দাবি। 
 
২০১৩ সালে রাজশাহীতে জেএমবির একটি বৈঠক তার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি টাঙ্গাইল থেকে গ্রেফতার রাজীব গান্ধীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী হলি আর্টিজানে হামলার অনুমোদন ‘বড় হুজুর’ দিয়েছিলেন। তবে এই হামলায় তার সম্পৃক্ততা কতটুকু তা খতিয়ে দেখছে কাউন্টার টেরোরিজম ইউনিট।