প্রভা হেলথ মলিক্যুলার ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টারের শুভ সূচনা

আপডেট : ১২ মার্চ ২০১৭, ০০:০১

প্রভা হেলথ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় প্রথমবারের মত যুক্ত করতে যাচ্ছে ফ্যামিলি ডক্টরস প্যানেল বা পারিবারিক চিকিৎসক দল। পাশাপাশি থাকছে, বিশ্বমানের মলিক্যুলার ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টার যা বাংলাদেশে প্রথম। এ বছরের মাঝামাঝি সময়ে ঢাকার বনানীতে এ কার্যক্রম শুরু হবে।

প্রভা হেলথ-এর উদ্যোগে ১১ মার্চ শনিবার দেশবরেণ্য ক্যান্সার বিশেষজ্ঞদের নিয়ে ‘‘মলিকুল্যার ক্যান্সার ডায়াগনস্টিক ও মুনশট প্রোগ্রাম’’ শীর্ষক এক মেডিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যুক্তরাষ্ট্রের বোস্টনস্থ হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ইমিউনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান এবং প্রভা হেলথ ক্যান্সার ডায়াগনস্টিক এর সিনিয়র ডিরেক্টর প্রফেসর জাহিদ হুসেন মলিক্যুল্যার ক্যান্সার ডায়াগনস্টিক ও ক্যান্সার নিরাময়ের সম্ভাব্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তুলে ধরেন।

তিনি বলেন, যে সকল রোগে এদেশের মানুষ অকালে প্রাণ হারাচ্ছে ক্যান্সার তার মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। ক্যান্সারের কারনে ২০০৫ যেখানে শতকরা ৭.৫ জন মারা যেত ২০৩০ সাল নাগাদ তা বৃদ্ধি পেয়ে শতকরা ১৩ ভাগে গিয়ে দাঁড়াবে। বর্তমানে
দেশে প্রায় দেড় কোটির মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত। এর পাশাপাশি বছরে নতুন করে প্রায় দুই লাখ মানুষের শরীরে ক্যান্সার ধরা পড়ছে।

প্রভা হেলথ এর প্রতিষ্ঠাতা ও সিইও মিস সিলভানা সিনহা বলেন, “ আমরা বাংলাদেশে প্রথমবারের মত বিশ্বের সর্বাধুনিক প্রযুুক্তি সমৃদ্ধ মলিক্যুলার ডায়াগনস্টিক ল্যাব নিয়ে আসতে যাচ্ছি। মলিক্যুলার ক্যান্সার ডায়াগনস্টিকের মাধ্যমে একদিকে যেমন প্রাথমিকভাবে ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে তেমনিভাবে কার্যকর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মৃত্যুহার কমিয়ে
আনা সম্ভব হবে।”

ইত্তেফাক/নূহু