ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে উঠল ভেনাস উইলিয়াম

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৫:৫৯
তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ইয়েলিনা ইয়ানকোভিচকে ১-৬, ৭-৬ (৭/৫), ৬-১ গেমে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামস।
 
সাতবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাস ডান হাতে ইনজুরি নিয়ে প্রথম সেটে মাত্র ২০ মিনিটেই হেরে বসেন। দ্বিতীয় সেটেও দ্রুতই ৩-১ গেমে পিছিয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে ভেনাস বলেছেন, যা করতে চেয়েছি তা অবশ্যই আজ করতে পারিনি। নিজেকে ফিরিয়ে আনতে বেশ খানিকটা সময় লেগেছে। 
 
দ্বিতীয় সেটে দুইবার ইয়ানকোভিচকে ব্রেক করে ৫-৪ গেমে লিড নেন ভেনাস। কিন্তু দশম গেমে অভিজ্ঞ সার্বিয়ান ভেনাসকে পরাজিত করে আবারো ৫-৫ গেমে সমতা ফেরান। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলা ভেনাস বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের পরে এই নিয়ে দ্বিতীয় টুর্ণামেন্টে খেলছেন। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ কোকো ভানডেওয়েগে যাকে সেমিফাইনালে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন ভেনাস। হিন্দুস্তান টাইমস।