বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় খুলনা জেলার ১৭টি থানায় গত ফেব্রুয়ারি মাসে ৩৩৯টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি খুনের মামলা রয়েছে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অস্ত্র, এসিড নিক্ষেপ ও মাদকসহ বিভিন্ন ধরণের মামলা রয়েছে।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে অনুষ্ঠিত সন্ত্রাস-নাশকতা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক নাজমুল আহসান সভাপতিত্ব করেন।
সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত ফেব্রুয়ারি মাসে ডাকাতি ২টি, চুরি ১০টি, খুন ২টি, অস্ত্র আইন ১টি, দ্রুত বিচার ২টি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ৯টি, এসিড নিক্ষেপ ১টি, মাদকদ্রব্য ৮৬টি এবং অন্যান্য ৪৫টিসহ ১৬১টি মামলা দায়ের হয়েছে। জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৫৬টি।
একই সময় জেলার নয়টি থানায় রাহাজানি ১টি, চুরি ৩টি, খুন ৭টি, অস্ত্র আইনে ২টি, ধর্ষণ ৭টি, অপহরণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ১৭টি, নারী ও শিশু পাচার ২টি ও মাদকদ্রব্য ৫২টি এবং অন্যান্য ৮৪টিসহ ১৭৮টি মামলা দায়ের হয়েছে। জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৩৯টি।
