উপজেলা নির্বাচন

তিন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৯:৫৩
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন এলাকার তিন জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল।
 
রবিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাদেরকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দলীয় গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর অর্পিত ক্ষমতা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠন থেকে কেন তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলীয় সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। এই সংক্রান্ত চিঠি রবিবারই ডাকযোগে অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।